মাফিয়াদের প্রভাবমুক্ত জাতীয় ঐক্যের সরকার চাই: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
বিশেষ প্রতিনিধি: মোঃ সাখাওয়াত হোসেন | টাইম বাংলা নিউজ
ঢাকা, ৮ আগস্ট: মাফিয়াদের প্রভাবমুক্ত জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। তিনি বলেছেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সৎ, সাহসী, সত্যবাদী, নির্ভীক, নির্মোহ ও দেশপ্রেমিক নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের সিটি হার্ট শপিং কমপ্লেক্সের হলরুমে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি ও সোশ্যাল জাস্টিস ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, “জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান সরকার বেঈমানী করেছে।” জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, মাফিয়াচক্র ও দুর্নীতিবাজদের প্রভাবমুক্ত একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করতে হবে। মজলুম মানুষের আর্তনাদ এবং সাধারণ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিষ্ঠার জন্য দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল মাহমুদ শোয়েব। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, ড. জমিরুল আকতার, সাবেক সচিব কাশেম মাসুদ, ড. প্রকৌশলী লুৎফর রহমান, মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, বিসিএস তথ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জসিম উদ্দিন, কৃষিবিদ সাইদুজ্জামান চপল, জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক, ‘ঢাকা বাঁচাও’-এর সোহানী শিফা, ড. ক্যাপ্টেন রেজা, মো. শাহ আলম, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আবুল কালাম আজাদ, এস এম সালাহউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
বক্তারা দুর্নীতি প্রতিরোধ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, একটি কার্যকর ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা জরুরি। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।
মতামত দিন