রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে আয়োজিত ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও রাষ্ট্রসংস্কারের বিষয়ে বিএনপি অনীহা দেখিয়েছে এবং পূর্ববর্তী সরকারগুলোর পথেই এগোচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে আশা করা হয়েছিল। তবে বিএনপি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
তিনি আরও বলেন, বিএনপি যদি সংস্কারের পথে এগিয়ে আসত, তাহলে ক্ষমতাসীন ও বিরোধী দল একসঙ্গে রাষ্ট্রপতি পদে একক প্রার্থী দিতে পারত। কিন্তু তা না হওয়ায় ১১–দলীয় ঐক্য আলাদাভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন জাতীয় সংসদের সদস্যরা। এছাড়া রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্যের প্রস্তাব ও আরেকজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।
মতামত দিন