‘বাংলাদেশ জেল’ নাম বদলে হতে পারে ‘কাস্টডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’
কারাগার ব্যবস্থাকে আরও সংশোধন ও পুনর্বাসনকেন্দ্রিক করার লক্ষ্যে ‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নাম হিসেবে ‘Custodial and Correction Service Bangladesh’ প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সমসাময়িক পরিস্থিতি এবং কারা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কারা মহাপরিদর্শক বলেন, আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘Custodial and Correction Service Act-2025’-এর একটি খসড়া প্রস্তুত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
তিনি জানান, কারাগার সংস্কারের ক্ষেত্রে শুধু বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করাই নয়, তাদের সংশোধন ও সমাজে পুনর্বাসনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন কারাগারে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিংসহ মানসিক ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বন্দিদের সঙ্গে পরিবারের যোগাযোগ আরও সহজ করতে ভিডিও কলের ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানান তিনি।
কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও তুলে ধরেন কারা মহাপরিদর্শক। তিনি বলেন, নিরাপত্তা জোরদারে এআই-নির্ভর সিসিটিভি, বডি ক্যামেরা, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, মোবাইল ডিটেক্টর এবং মোবাইল জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া কারা কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের কার্যক্রম পর্যবেক্ষণে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম এবং টিম ট্র্যাকার চালু করা হয়েছে।
মোতাহের হোসেন বলেন, ২০২৪ সালের আগস্টে কারা বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে কারা ব্যবস্থাপনাকে আধুনিক, মানবিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে একাধিক সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। নাম পরিবর্তনের প্রস্তাবও সেই বৃহত্তর সংস্কার কার্যক্রমের অংশ।
কারা কর্তৃপক্ষের মতে, নতুন নাম ও প্রস্তাবিত আইন কার্যকর হলে দেশের কারা ব্যবস্থাপনায় শাস্তির পাশাপাশি বন্দিদের সংশোধন, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের বিষয়টি আরও গুরুত্ব পাবে।
মতামত দিন