সারের সংকট নেই, বিদ্যুৎ ও গ্যাস সমস্যারও বিষয়ে সরকার অবগত আছে— জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য সমাবেশ, র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। বিদ্যুৎ ও গ্যাস সমস্যার বিষয়েও সরকার অবগত রয়েছে। খুব শিগগিরই এসব সমস্যার সমাধান হয়ে যাবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, কৃষকদের জন্য পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কোথাও যেন কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকে সরকার সতর্ক রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, তা সমাধানে সরকার কাজ করছে।
তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাব, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ. এইচ. এম. ওবায়দুর রহমান চন্দন এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পায়রা উড়ানো, কেক কাটা, আলোচনা সভা ও র্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভা শেষে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এর আগে সকালে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন