জৈন্তাপুর সীমান্তে বিজিবি সদস্যের আত্মহত্যা
সিলেট থেকে :: সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় থেকে জামিল আহমেদ শিষ (২৫) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিজিবির সীমান্ত টাওয়ার থেকে তার নিথর দেহটি উদ্ধার করা হয়।
নিহত জামিল আহমেদ শিষ (সিপাহী নম্বর-১১৪১০১) এবং তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। গত (২২ আগস্ট) শনিবার থেকে তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল জামিল আহমেদ শিষ। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ ।
এ ঘটনার খবর পেয়ে সকাল ৭টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে সহকারী কমিশনার (ভুমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গলায় ফাঁস লাগানো অবস্থায় আমরা তাঁর মরদেহ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।
মতামত দিন