৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর লংমার্চ: মিরপুরে দক্ষিণ জামায়াতের প্রচার মিছিল
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠেয় লংমার্চের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মিরপুরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানা শাখা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাদ মাগরিব মধ্য পাইকপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে প্রচার মিছিলটি শুরু হয়। মিছিলটি ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইকপাড়া বউবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসের সদস্য ও মিরপুর দক্ষিণ থানা আমির অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারি মো. রাকিবুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মিরপুর দক্ষিণ থানার কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম, মো. শরিফুল ইসলাম, আমির হোসেন বাবলুসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং দেশের চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চের ৬ দফা দাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
লংমার্চের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থান ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনসহ সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।
সমাবেশ থেকে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
মতামত দিন