• ২০২৬ সেপ্টেম্বর ০৩, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১৯
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কওমি মাদরাসার জন্য ছয় শিক্ষা বোর্ড, চাকরিতে সনদের স্বীকৃতি : সংসদকে প্রধানমন্ত্রী

  • প্রকাশিত ০১:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
কওমি মাদরাসার জন্য ছয় শিক্ষা বোর্ড, চাকরিতে সনদের স্বীকৃতি : সংসদকে প্রধানমন্ত্রী
Time Bangla news
ফজলে এলাহি সুমন সাভার প্রতিনিধি

কওমি মাদরাসার জন্য ছয় শিক্ষা বোর্ড, চাকরিতে সনদের স্বীকৃতি : সংসদকে প্রধানমন্ত্রী


দেশের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আরও সমন্বিত ও কাঠামোবদ্ধ করতে ছয়টি পৃথক শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব বোর্ডের সনদ নির্দিষ্ট কয়েকটি মাদরাসার পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রীর লিখিত জবাবে বলা হয়, দেশের কওমি মাদরাসাগুলোর মধ্যে সমন্বয়, শিক্ষার উন্নয়ন এবং পাবলিক পরীক্ষা আয়োজনের লক্ষ্যে ২০০৬ সালে গেজেটের মাধ্যমে ‘কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর ধারাবাহিকতায় কওমি মাদরাসার সর্বোচ্চ স্তরের দাওরায়ে হাদিস (তাকমিল) সনদের স্বীকৃতি দিতে ২০১৮ সালে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন প্রতিষ্ঠানগুলোর দাওরায়ে হাদিস (তাকমিল) সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার আইন করা হয়।

ওই আইনের আওতায় ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের কাঠামো নির্ধারণ করা হয়েছে। বোর্ডগুলো হলো—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আজাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।

এদিকে কওমি মাদরাসার সনদধারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিমালায় সহকারী মৌলভী (ক্বারী) ও ইবতেদায়ি ক্বারী পদে নিয়োগের ক্ষেত্রে ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে এসব পদে নিয়োগের ক্ষেত্রে কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে দাওরায়ে হাদিস (তাকমিল) ডিগ্রির পাশাপাশি ইলমে কিরাআত ও হিফজুল কোরআন সনদধারীরাও সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য যোগ্যতা অর্জন করবেন।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য সরকারি স্বীকৃত কর্মক্ষেত্র সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ