• ২০২৬ অক্টোবর ০৪, রবিবার, ১৪৩৩ আশ্বিন ১৯
  • সর্বশেষ আপডেট : ০৫:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*“বীর মুক্তিযোদ্ধার দাফনে গার্ড অব অনার বন্ধ, বাধার অভিযোগ”*

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন রবিবার, অক্টোবর ০৪, ২০২৬
*“বীর মুক্তিযোদ্ধার দাফনে গার্ড অব অনার বন্ধ, বাধার অভিযোগ”*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*“বীর মুক্তিযোদ্ধার দাফনে গার্ড অব অনার বন্ধ, বাধার অভিযোগ”* 

 *উপশিরোনাম:* “বকশীগঞ্জে কয়েকজন মুক্তিযোদ্ধার আপত্তি; প্রকৃত মুক্তিযোদ্ধা নন—দাবি নওশেদ আলীর, প্রশাসনের সিদ্ধান্তে স্থগিত”

জামালপুরের বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের (৮৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদা বা গার্ড অব অনার ছাড়াই সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার প্রস্তুতি থাকলেও কয়েকজন মুক্তিযোদ্ধার আপত্তির কারণে তা শেষ পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দেলোয়ার হোসেনকে দাফন করা হয়।

দেলোয়ার হোসেন সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মদনেরচরে তার জানাজার আয়োজন করা হয়। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা পুলিশ সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

তবে পথে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নওশেদ আলীসহ কয়েকজন তাদের বাধা দেন। তারা দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ার দাবি জানান।

নওশেদ আলীর বক্তব্য, দেলোয়ার হোসেন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। নিয়মবহির্ভূতভাবে তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে আপত্তি জানিয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে দেলোয়ার হোসেনের ছেলে শামীম মিয়া বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন। কয়েকজনের বাধার কারণে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বাবাকে দাফন করতে হয়েছে।

বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন বলেন, দেলোয়ার হোসেন সরকারি নথিতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন এবং সেই হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধাও পেয়েছেন। তিনি বলেন, যদি তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন থাকে, তাহলে বিষয়টি জীবিত অবস্থায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিষ্পত্তি করা যেত।

সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ঘটনাস্থলের পথে নওশেদ আলীসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তীব্র আপত্তি জানান।এমএস তাদের বাধার কারণে পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত দিকে না নিতে তাৎক্ষণিকভাবে গার্ড অব অনার স্থগিত করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

সর্বশেষ