• ২০২৬ অক্টোবর ০৬, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ২১
  • সর্বশেষ আপডেট : ১২:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চিরিরবন্দরে ভ্যানচালককে হত্যা করে লাশ ফেলে গেল ধানক্ষেতে

  • প্রকাশিত ০১:১০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
চিরিরবন্দরে ভ্যানচালককে হত্যা করে লাশ ফেলে গেল ধানক্ষেতে
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল (৫২) নামে এক অটোভ্যানচালককে শ্বাসরোধে হত্যার পর তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন শফিউদ্দিনের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোকছেদুল উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে নিজের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মোকছেদুল। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তার খোঁজ শুরু করেন। পরে সোমবার ভোরে ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, নিহতের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার বিকেল থেকে সোমবার ভোরের মধ্যে কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে শ্বাসরোধে হত্যা করে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও জানান, ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশি টহল অব্যাহত রয়েছে।

সর্বশেষ