মিরপুরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের অংশ হিসেবে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মধ্য পাইকপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নম্বর ওয়ার্ড ও মিরপুর দক্ষিণ থানার ব্যবস্থাপনায় এবং ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ কে এম কামরুল আহছান মুরাদের সৌজন্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানার আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ কে এম কামরুল আহছান মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর মজলিশে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাবুল আলম, আমীর হোসেন বাবলু এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র এবং নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন, কারও জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
১১ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব এ কে এম কামরুল আহছান মুরাদ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের জনসচেতনতামূলক ও মশক নিধন কার্যক্রম নগরজুড়ে অব্যাহত থাকবে।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মধ্য পাইকপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় মশক নিধন ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে স্থানীয় পথচারী ও বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতামত দিন