কালাইয়ে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড, দায়িত্বে ১৮০ সদস্য
জয়পুরহাটের কালাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কালাই উপজেলায় আয়োজিত এ ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ, কালাই থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব, কালাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শরিফ হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা জোবেইদা আক্তার।
এবার কালাই উপজেলায় মোট ৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৮০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে ১২০ জন পুরুষ এবং ৬০ জন নারী সদস্য রয়েছেন।
ব্রিফিং প্যারেডের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনের বিষয়ে সদস্য-সদস্যাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন