• ২০২৬ অক্টোবর ১৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ২
  • সর্বশেষ আপডেট : ০৬:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাজেক সড়কে চলমান অবরোধ স্থগিত

  • প্রকাশিত ১১:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
সাজেক সড়কে চলমান অবরোধ স্থগিত
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৯

সাজেক এখন পর্যটকশূন্য। ছবি: টাইম বাংলা নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত করেছে স্থানীয় দুটি সংগঠন।

শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সড়কে যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। তবে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং দুর্গোৎসবের প্রতি যথাযথ সম্মান জানিয়ে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন সাজেকবাসীর মূল দাবিগুলো পূরণ না করলে দুর্গোৎসব শেষে ২১ অক্টোবরের পর আবারও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে তিন দফা দাবিতে গত রোববার (১১ অক্টোবর) প্রথম দফায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ওই দিন বিকেলে প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।

‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’র প্রতিনিধি বাবুধন চাকমা জানান, প্রশাসনের কাছে তাদের সুনির্দিষ্ট তিনটি দাবি তুলে ধরা হয়েছে- সাজেক এলাকা থেকে জেএসএস-কে সরিয়ে নিতে হবে, জেএসএস যেন ভবিষ্যতে কাউকেই প্রাণনাশের হুমকি দিতে না পারে, তার নিশ্চয়তা দিতে হবে এবং প্রশাসন কর্তৃক সাধারণ ও নিরীহ জনগণের ঘরে ঘরে তল্লাশি বা হয়রানি বন্ধ করতে হবে।

এদিকে, প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে বুধবার (১৪ অক্টোবর) দ্বিতীয় দফায় সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠন দুটি। এর এক দিন পর দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।

তবে সড়কে অবরোধ স্থগিত হলেও পর্যটকদের সাজেক ভ্রমণের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা বহাল থাকায় আপাতত পর্যটনকেন্দ্রটিতে ভ্রমণের সুযোগ নেই।



সর্বশেষ