• ২০২৬ অক্টোবর ২১, বুধবার, ১৪৩৩ কার্তিক ৬
  • সর্বশেষ আপডেট : ০৩:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

  • প্রকাশিত ০৩:১০ অপরাহ্ন বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রকাশ: ০৯:১০, ২১ অক্টোবর ২০২৬

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার (২১ অক্টোবর) শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের পূজা-অর্চনা ও আনন্দ উৎসব শেষে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। আজ বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা।

দশমীর সকালে ১০ উপাচারে পূজিত হবেন দেবী। দর্পণ বিসর্জনের মাধ্যমে প্রতীকী বিসর্জন সম্পন্ন হবে। এরপর অপরাজিতা লতার পূজা করে দেবীর চরণে প্রণাম জানাবেন ভক্তরা। হবে দেবী বরণ। বিবাহিত নারীরা ডালায় সিঁদুর, পান-সুপারি, ধান-দূর্বা, মিষ্টি ও প্রদীপ নিয়ে দেবীর সামনে হাজির হবেন। পানের পাতা দিয়ে দেবীর মুখ স্পর্শ করিয়ে মিষ্টিমুখ করানো হবে। এরপর একে অন্যের সিঁথিতে সিঁদুর পরিয়ে দীর্ঘ সধবা জীবন ও পরিবারের মঙ্গল কামনা করবেন সনাতন নারীরা।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হবে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি সদরঘাটে গিয়ে শেষ হবে।

এর আগে মহানবমীর দিন মঙ্গলবার রাজধানী ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। মণ্ডপে মণ্ডপে অঞ্জলি ও ভোগ নিবেদন করেন ভক্তরা। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে প্রতিটি মণ্ডপে বাজতে শুরু করে বিদায়ের সুর।

হিন্দু শাস্ত্রমতে, নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। নবমী পূজায় শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে পূজা করা হয় দশভুজা দেবীর। নীল অপরাজিতা ফুল এ পূজার বিশেষ অনুষঙ্গ। এদিন ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে মর্ত্য থেকে কৈলাসে ফিরবেন মা দুর্গা।


সর্বশেষ