টাঙ্গাইলের সখীপুরে পুকুর থেকে পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, এলাকায় কৌতূহল।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকায় একটি পুকুর থেকে পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার মাছ ধরার সময় জালে উঠে আসে রহস্যময় এই মূর্তিটি।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়চওনা এলাকার ‘মোটের পুকুর’টি প্রায় এক বছর আগে ভেকু (খননযন্ত্র) দিয়ে খনন করা হয়। পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়। সোমবার সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় হঠাৎ জালে পাথরের তৈরি একটি মূর্তি উঠে আসে। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
স্থানীয়দের অনেকের ধারণা, মূর্তিটি প্রাচীন বা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শন হতে পারে।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেন।
বড়চওনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর স্যার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করলে মূর্তিটির প্রকৃত ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
মতামত দিন