রদবদল আর দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্থায়িত্ব পেল সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) চেয়ার।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ডিসি দায়িত্বভার বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দেওয়া গ্রামে। তিনি সেখানকার বাসিন্দা গোলাম মাওলা চৌধুরীর সন্তান। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ২১ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হলে সিলেটের ডিসি পদে একের পর এক পরিবর্তন ও নাটকীয়তা দেখা যায়। মাত্র ১৮ দিনের ব্যবধানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে নিয়োগ দেওয়া হলেও, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয় এবং পরে সেই নিয়োগ বাতিল করা হয়। অবশেষে আজ নতুন জেলা প্রশাসক হিসেবে আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব নিলেন।
মতামত দিন