বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে তিনি জানিয়েছেন, দেশের হয়ে আর মাঠে নামার পরিকল্পনা নেই।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে ইনজুরির কারণে পুরোপুরি ছন্দে ছিলেন না ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। শারীরিক সীমাবদ্ধতার কারণে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বিশ্বকাপ শেষে সংবাদ সম্মেলনে ভবিষ্যতে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নেইমার স্পষ্ট ভাষায় বলেন, "ব্রাজিলের হয়ে আমার অধ্যায় এখানেই শেষ। জাতীয় দলের জার্সিতে যা অর্জন করেছি, তা নিয়েই আমি গর্বিত।"
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "এই জার্সির জন্য আমি সবসময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। অসংখ্য চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছি, লড়াই করেছি। এখন মনে হচ্ছে, নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে।"
ব্রাজিলের হয়ে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল রেকর্ডে সমৃদ্ধ। ১৩০টি ম্যাচে ৮০ গোল করে তিনি দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। চারটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করলেও অধরা থেকে গেছে তার সবচেয়ে বড় স্বপ্ন—বিশ্বকাপ ট্রফি।
অন্যদিকে ক্লাব ফুটবলেও নেইমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের শেষ দিকে। এরপর কোন ক্লাবে খেলবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারের অবদান অনস্বীকার্য। অসাধারণ গোল, নান্দনিক ফুটবল, অসংখ্য রেকর্ড এবং স্মরণীয় পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইতোমধ্যেই ব্রাজিলের ফুটবল ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে রেখেছেন।
মতামত দিন