• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ফিফার দাবি, ‘ফুটবল বিক্রি হচ্ছে না’, তবু ৯৬ দেশের তীব্র বিরোধিতা

  • প্রকাশিত ০৭:০৭ অপরাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
ফিফার দাবি, ‘ফুটবল বিক্রি হচ্ছে না’, তবু ৯৬ দেশের তীব্র বিরোধিতা
টাইম বাংলা নিউজ
বিশেষ প্রতিনিধি : মোঃ শাখাওয়াত হোসেন

বিশ্বকাপসহ ফিফার শীর্ষ টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কাঠামোতে পরিবর্তনের প্রস্তাবকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ইউরোপ ও উত্তর-মধ্য আমেরিকার মোট ৯৬টি সদস্যদেশ এই পরিকল্পনার বিরোধিতা করার পর ফিফা স্পষ্ট জানিয়েছে, তারা ফুটবল বা বিশ্বকাপের মালিকানা বিক্রি করছে না।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ফিফা জানায়, গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। সদস্যদেশগুলোর মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি পৃথক প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানে বহিরাগত বিনিয়োগকারীদের শেয়ার নেওয়ার সুযোগ থাকলেও, ফিফার দাবি—এর মাধ্যমে বিশ্ব ফুটবলের মালিকানা বা নিয়ন্ত্রণ কোনোভাবেই হস্তান্তর করা হবে না।

বিবৃতিতে ফিফা স্পষ্ট ভাষায় জানায়, “কেউ ফুটবল বিক্রি করছে না। ফিফা এমন কোনো চিন্তাভাবনাকে কখনো সমর্থন করবে না।”

অন্যদিকে, উয়েফার ৫৫টি সদস্যদেশ এবং কনক্যাকাফের ৪১টি সদস্যদেশ ইতোমধ্যে এই প্রস্তাবের বিরোধিতা করেছে। ফলে মোট ৯৬টি সদস্যদেশের আপত্তির মুখে পরিকল্পনাটি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এফএফই গঠনের প্রস্তাব কার্যকর করতে ফিফার ২১১টি সদস্যদেশের ভোট প্রয়োজন হবে। প্রস্তাব অনুমোদনের জন্য সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অন্তত ১০৬টি ভোটের সমর্থন দরকার। তবে ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক সদস্যদেশ প্রকাশ্যে বিরোধিতা করায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফিফা জানিয়েছে, সদস্যদেশগুলোর মতামত, উদ্বেগ ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়া হবে। সংস্থাটির দাবি, এই উদ্যোগের উদ্দেশ্য সদস্যদেশগুলোকে আরও বেশি বাণিজ্যিক সুযোগের অংশীদার করা, ফুটবলের ঐতিহ্য বা পরিচালন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা নয়।

সর্বশেষ