দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদ ও বরাদ্দের বাইরে সার সংরক্ষণের অভিযোগে পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় পরিচালিত এসব অভিযানে ২ হাজার ৩৪০ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় দুই গুদাম ব্যবস্থাপককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একজনকে অর্থদণ্ডও করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিসিআইসি লাইসেন্সধারী এক ডিলার ও জনতা হাসকিং মিলের একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮৯০ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় জনতা অটো রাইস মিলের ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে মঙ্গলবার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মনের নেতৃত্বে একই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে একটি গুদাম থেকে আরও ৪৫০ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় গুদামটির ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকদের জন্য বরাদ্দ করা সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও অনিয়ম বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন