*সাভারে ভবনের ফ্ল্যাটে মদ তৈরির কারখানা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ ।*
ঢাকার সাভারে একটি ভবনের চতুর্থ তলায় মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে ১৫ লিটার বাংলা মদ ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রীন টাওয়ারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও বাংলাদেশি নারী চম্পা বেগম (৩৫)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গ্রীন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার তৈরি মদ পাওয়া যায়। পরে এসব জব্দ করে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মতামত দিন