দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার প্রথম দিনে বালক দলের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে বাংলাহিলি পাইলট স্কুল হ্যান্ডবল দল মুখোমুখি হয় পাউশগাড়া ফাজিল মাদ্রাসা দলের। নির্ধারিত সময়ের খেলায় ৩-০ গোলের ব্যবধানে পাউশগাড়া ফাজিল মাদ্রাসাকে হারিয়ে জয় তুলে নেয় বাংলাহিলি পাইলট স্কুল।
এবারের প্রতিযোগিতায় উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। কাবাডি, হ্যান্ডবল, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দিনব্যাপী এ আয়োজন শেষে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও মানসিক বিকাশ ঘটবে।
মতামত দিন