• ২০২৬ নভেম্বর ২৫, বুধবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১১
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জিকে খাল সচল হলে দূর হবে সেচসংকট, বাড়বে উৎপাদন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
জিকে খাল সচল হলে দূর হবে সেচসংকট, বাড়বে উৎপাদন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

জিকে খাল সচল হলে দূর হবে সেচসংকট, বাড়বে উৎপাদন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের খাল পুনঃখননের মাধ্যমে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, খালগুলো সংস্কার ও পুনঃখননের মাধ্যমে সচল করা হলে প্রায় এক লাখ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় জিকে খাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

​পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অনেক খাল ভরাট ও নাব্যতা হারানোর কারণে কৃষকরা প্রয়োজনীয় সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। খনন ও পুনঃখননের মাধ্যমে খালগুলোর পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এতে খালগুলো পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়বে এবং সব ধরনের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।

​তিনি আরও উল্লেখ করেন, খালগুলো সচল হলে কৃষকদের দীর্ঘদিনের সেচসংকট অনেকাংশে দূর হবে। একইসঙ্গে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি খাতে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাও সম্ভব হবে।


​পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, উপ-বিভাগীয় প্রকৌশলী সিফাত আল সিয়াম ও সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম। এ ছাড়া কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরে আসার কথা রয়েছে। ওই সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কুষ্টিয়া জেলা পরিদর্শন করছেন।

সর্বশেষ