• ২০২৬ সেপ্টেম্বর ১৫, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ঘোড়াঘাটে ১২ ফুট গাছসহ গ্রেপ্তার

  • প্রকাশিত ০১:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ঘোড়াঘাটে ১২ ফুট গাছসহ গ্রেপ্তার
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়ির পাশে থাকা জমি থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। গাছ দুটির মোট ওজন প্রায় ২০ কেজি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রীহরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, নিজ বাড়ির উঠানসংলগ্ন আদা ক্ষেতে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

পরে আদা ক্ষেতের ভেতর তল্লাশি চালিয়ে অস্বাভাবিক উচ্চতার গাঁজাগাছ দুটির সন্ধান পাওয়া যায়। এর মধ্যে একটি গাছের ওজন প্রায় ১২ কেজি এবং অন্যটির ওজন প্রায় ৮ কেজি। পরে গাছ দুটি জব্দ করে পুলিশ এবং আবু তালেবকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব গাঁজাগুলো চাষের কথা স্বীকার করেছেন বলে জানানো হয়। পুলিশ বলছে, প্রায় ছয় থেকে সাত মাস ধরে আদা চাষের আড়ালে গাঁজাগাছ দুটির পরিচর্যা করে আসছিলেন তিনি। নিজের ব্যবহারের পাশাপাশি স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যেও গাঁজা চাষ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে চাষের অভিযোগে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, কৃষিজমিতে ফসলের আড়ালে এ ধরনের মাদক চাষের ঘটনা উদ্বেগজনক। এতে এলাকার সামাজিক পরিবেশ ও তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

সর্বশেষ