• ২০২৬ নভেম্বর ০৫, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২১
  • সর্বশেষ আপডেট : ০৫:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট টেস্টেও জয়ের লক্ষ্যে স্যামির ক্যারিবীয়রা

  • প্রকাশিত ০৫:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
সিলেট টেস্টেও জয়ের লক্ষ্যে স্যামির ক্যারিবীয়রা
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :

মিরপুরের সাফল্য পেছনে ফেলে এবার সিলেট টেস্টেও জয়ের স্বপ্ন বুনছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশের স্পিনারদের কৌশল ব্যর্থ করে তুলে নেওয়া জয় ক্যারিবীয়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

​দীর্ঘ ৩২ বছর পর ক্যালেন্ডার বছরে কোনো টেস্ট সিরিজ না হেরে শেষ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৪ সালের পর এই প্রথমবার ক্যারিবীয়রা এমন অর্জনের মুখোমুখি।

আজ থেকে শুরু সিলেট পর্বের খেলা সিলেটের মাঠে জয় কিংবা ড্র—যেকোনো ফলাফলই ক্যারিবীয়দের হাতে তুলে দেবে সিরিজের ট্রফি। তবে ওয়েস্ট ইন্ডিজের মূল লক্ষ্য ড্র নয়, বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় সম্পন্ন করা।

​গতকাল বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যারিবীয় হেড কোচ ড্যারেন স্যামি স্পষ্ট জানিয়ে দেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রটি তারা জয়ের মাধ্যমেই স্মরণীয় করে রাখতে চান। তিনি বলেন, "বাংলাদেশ নিজেদের মাটিতে অত্যন্ত শক্তিশালী দল।

ফিল সিমন্সের অধীনে তারা চমৎকার ক্রিকেট খেলছে। ফলে তাদের বিপক্ষে সিরিজ জয় আমাদের জন্য হবে এক বিশাল সাফল্য। আমরা এখানে ২-০ ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই এসেছি এবং বর্তমানে সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি অবস্থান করছি।"

​সাদা পোশাকের ক্রিকেটে দলের দায়িত্ব নেওয়ার পর শুরুটা সহজ ছিল না বলেও জানান স্যামি। অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দলটি এখন ঘুরে দাঁড়িয়েছে। স্যামির ভাষ্যমতে, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলোকে তারা নিজেদের উন্নতির বড় মঞ্চ হিসেবে বিবেচনা করেছিলেন এবং সেই পরিকল্পনা অনুযায়ীই দল এখন সফলতার মুখ দেখছে।

​তবে সিলেট টেস্টে বাংলাদেশ যে সহজে ছেড়ে দেবে না, সে বিষয়েও সতর্ক সফরকারী কোচ। স্যামি জানান, "ফিল সিমন্স কীভাবে দলকে চালিত করেন তা আমার জানা আছে। সমতা ফেরাতে বাংলাদেশ সর্বাত্মক চেষ্টা চালাবে। ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তবে আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামছি।"

সর্বশেষ