• ২০২৬ সেপ্টেম্বর ১৫, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ময়মনসিংহ মেডিকেলের শিশু ওয়ার্ডে আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

  • প্রকাশিত ০১:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
ময়মনসিংহ মেডিকেলের শিশু ওয়ার্ডে আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
Time Bangla news
ইমন সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেলের শিশু ওয়ার্ডে আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া জমে যায়। এতে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ভবন থেকে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় কয়েকজন পড়ে গিয়ে আঘাত পান।

তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।

সর্বশেষ