• ২০২৬ সেপ্টেম্বর ২৮, সোমবার, ১৪৩৩ আশ্বিন ১৩
  • সর্বশেষ আপডেট : ১০:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

খুলনায় ‘বিকাশ বন’, ভার্চ্যুয়াল চারাগাছের বিপরীতে রোপণ হবে বাস্তব গাছ ।*

  • প্রকাশিত ১০:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
খুলনায় ‘বিকাশ বন’, ভার্চ্যুয়াল চারাগাছের বিপরীতে রোপণ হবে বাস্তব গাছ ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

*খুলনায় ‘বিকাশ বন’, ভার্চ্যুয়াল চারাগাছের বিপরীতে রোপণ হবে বাস্তব গাছ ।* 


 *উপশিরোনাম:* খুলনায় ‘বিকাশ বন’ উদ্যোগের যাত্রা শুরু; পরিবেশ সুরক্ষায় গ্রাহকদের সম্পৃক্ত করার পরিকল্পনা ।

২৮.০৯.২০২৬ । 

ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিবেশ সুরক্ষাকে যুক্ত করে খুলনায় শুরু হয়েছে নতুন বনায়ন কর্মসূচি। ‘বিকাশ বন’ উদ্যোগের আওতায় গ্রাহকদের অ্যাপে তৈরি হওয়া ভার্চ্যুয়াল গাছের বিপরীতে বাস্তবে গাছ লাগানো হবে। খুলনা সিটি করপোরেশন ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

নগরের সোনাডাঙ্গা সোলার পার্ক ও লিনিয়ার পার্কে পর্যায়ক্রমে এই বনায়ন কার্যক্রম পরিচালিত হবে। পুরো কর্মসূচিতে খুলনায় ২৫ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত শনিবার সোলার পার্ক এলাকায় গাছ লাগানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ এবং বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের হেড ও ইভিপি হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সঠিক জায়গায় উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন এবং পরবর্তী সময়ে সেগুলোর পরিচর্যার বিষয়টিও নিশ্চিত করতে হবে। বিকাশের সঙ্গে যৌথ এই কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশের সবুজায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। জনগণের অংশগ্রহণ ও সামাজিক সচেতনতা ছাড়া বড় পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা কঠিন। এ কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

খুলনা ও দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবের দিক থেকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, সুন্দরবন শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না; ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

‘বিকাশ বন’ উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার কাজে সাধারণ গ্রাহকদের যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বিকাশ অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট কিছু ডিজিটাল লেনদেন করলে গ্রাহকের অ্যাকাউন্টে ‘গ্রিন পয়েন্ট’ জমা হবে। ইউটিলিটি বিল পরিশোধ, ডিপিএস খোলা, অ্যাড মানি, ঋণ গ্রহণ, মোবাইল রিচার্জ ও সেন্ড মানিসহ নির্ধারিত লেনদেনের বিপরীতে এসব পয়েন্ট পাওয়া যাবে।

গ্রাহকের গ্রিন পয়েন্ট বাড়ার সঙ্গে সঙ্গে বিকাশ অ্যাপের ‘বিকাশ বন’ অংশে থাকা ভার্চ্যুয়াল চারাগাছও ধীরে ধীরে বড় হতে থাকবে। নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট অর্জন হলে সেই ভার্চ্যুয়াল গাছের বিপরীতে বাস্তবে একটি গাছ রোপণ করবে বিকাশ।

এ ছাড়া বাস্তবে রোপণ করা গাছটির অবস্থান ও হালনাগাদ তথ্য পরবর্তী সময়ে অ্যাপের মাধ্যমে দেখার সুযোগ পাবেন সংশ্লিষ্ট গ্রাহক।

আয়োজকদের মতে, ডিজিটাল লেনদেনের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে পরিবেশবান্ধব কর্মকাণ্ডের সংযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। খুলনায় ২৫ হাজার গাছ রোপণের মাধ্যমে কর্মসূচিটি নগরের সবুজায়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ