• ২০২৬ সেপ্টেম্বর ২৮, সোমবার, ১৪৩৩ আশ্বিন ১৩
  • সর্বশেষ আপডেট : ১০:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*মাদক কারবারে নতুন সিন্ডিকেট, চট্টগ্রাম-কক্সবাজারে শতাধিক নতুন মুখ ।*

  • প্রকাশিত ১০:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
*মাদক কারবারে নতুন সিন্ডিকেট, চট্টগ্রাম-কক্সবাজারে শতাধিক নতুন মুখ ।*
Time Bangla news
পুন:লিখনে: ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*মাদক কারবারে নতুন সিন্ডিকেট, চট্টগ্রাম-কক্সবাজারে শতাধিক নতুন মুখ ।* 


 *উপশিরোনাম:* রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরোনো নেটওয়ার্কে পুনর্বিন্যাস; সাবেক সহযোগীরাই দখল নিচ্ছে নতুন বাজার ; ফ্র্যাঞ্চাইজি কাঠামোয় ছড়াচ্ছে সিন্ডিকেট; হুন্ডি-ক্রিপ্টো লেনদেন ও প্রযুক্তিনির্ভর যোগাযোগে বদলে যাচ্ছে পুরোনো কাঠামো। অভিযানেও ধরাছোঁয়ার বাইরে থাকছে নেপথ্যের নিয়ন্ত্রকেরা। 

পুন:লিখনে: ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ। 

চট্টগ্রাম-কক্সবাজারের মাদক সাম্রাজ্যে বদলে গেছে নেতৃত্বের ধরন। পুরোনো গডফাদারদের অনেকে আড়ালে সরে যাওয়ার পর সীমান্ত ও উপকূলজুড়ে সক্রিয় হয়েছে নতুন শতাধিক কারবারি। ছোট ছোট ‘সেল’ বা ফ্র্যাঞ্চাইজি কাঠামোয় ভাগ হয়ে চলছে ইয়াবা ও ক্রিস্টাল মেথ বা আইসের ব্যবসা। বাইরে নতুন মুখ, আড়ালে পুরোনো নিয়ন্ত্রক—এমন বহুস্তরীয় নেটওয়ার্কই এখন মাদক কারবারের নতুন বাস্তবতা।

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সরাসরি মাঠে না নেমে কয়েক স্তর পেছনে অবস্থান করছে পুরোনো প্রভাবশালীদের একটি অংশ। আর তাদের হয়ে মাঠে কাজ করছে নতুন প্রজন্মের ডিলার, লাইনম্যান, পরিবহন ব্যবসায়ী ও সীমান্তভিত্তিক চোরাকারবারিরা। অপরাধ বিশ্লেষকদের ভাষায়, ঝুঁকি কমিয়ে লাভ ধরে রাখার এ কৌশল ‘রেশনাল চয়েজ’ বা যুক্তিনির্ভর সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 *গডফাদার আড়ালে, সামনে নতুন ডন* 

অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রাম ও কক্সবাজারের মাদক নেটওয়ার্কে বড় ধরনের পুনর্বিন্যাস ঘটে। পুরোনো প্রভাবশালী কারবারিদের অনেকে আত্মগোপনে যাওয়ায় তৈরি হয় নিয়ন্ত্রণের শূন্যতা। সেই জায়গা দখল করে নেয় তাদেরই একসময়কার সহযোগী ও মধ্যম সারির কারবারিদের একটি অংশ।

এদের মধ্যে রয়েছে সাবেক সেকেন্ড-ইন-কমান্ড, লাইনম্যান, ট্রলার মালিক ও সীমান্ত চোরাকারবারি। স্থানীয় প্রভাববলয়ের পরিবর্তিত পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের কেউ কেউ সরাসরি মিয়ানমারভিত্তিক সরবরাহকারী ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

ফলে একক গডফাদারনির্ভর পুরোনো কাঠামোর পরিবর্তে তৈরি হয়েছে একাধিক ছোট সিন্ডিকেট। টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, আনোয়ারা ও কর্ণফুলীসহ বিভিন্ন রুটে এসব নেটওয়ার্কের তৎপরতার তথ্য পাওয়া গেছে।

 *মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ভূমিকায় পরিবর্তন* 

মাদক সরবরাহ ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন। আগে মিয়ানমারভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কিছু সদস্য মূলত পাহারা বা পরিবহনে যুক্ত থাকলেও এখন তাদের একটি অংশ সরবরাহ নেটওয়ার্কের অংশীদার হিসেবে কাজ করছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্থানীয় কারবারিদের সঙ্গে সরাসরি অংশীদারত্বের মাধ্যমে তারা চালান সরবরাহ করছে এবং চালানভেদে কমিশন নিচ্ছে। এতে সীমান্তের ওপারের সরবরাহকারী ও দেশের ভেতরের নতুন ডিলারদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে।

 *টাকা যাচ্ছে হুন্ডি-ক্রিপ্টোতে* 

মাদক ব্যবসার আর্থিক লেনদেনেও বদল এসেছে। নগদ অর্থ কিংবা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পরিবর্তে বিদেশভিত্তিক হুন্ডি নেটওয়ার্ক এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের অভিযোগ রয়েছে।

দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরভিত্তিক হুন্ডি নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পরিশোধের পাশাপাশি ডিজিটাল মুদ্রা ব্যবহার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে লেনদেনের প্রকৃত সুবিধাভোগী শনাক্ত করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আরও কঠিন হয়ে পড়ছে।

 *গুদাম স্থলভাগে নয়, সমুদ্রেও* 

মাদক মজুতের ক্ষেত্রেও পুরোনো কৌশল থেকে সরে এসেছে চক্রগুলো। টেকনাফ বা শহরের নির্দিষ্ট গুদামে বড় চালান জমিয়ে রাখার পরিবর্তে সমুদ্রে মাছ ধরার বড় ট্রলারকে অস্থায়ী মজুতকেন্দ্র হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে।

অর্ডার পাওয়ার পর ছোট নৌযানের মাধ্যমে সমুদ্র থেকে চালান উপকূলে আনার তথ্যও পাওয়া গেছে। এতে স্থলভাগে বড় মজুত না থাকায় অভিযান চালিয়েও অনেক সময় মূল চালান বা সরবরাহকারীদের নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ছে।

যোগাযোগের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ব্যক্তিগত ও এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্ম। সরাসরি হাতবদলের পরিবর্তে নির্দিষ্ট স্থানে চালান রেখে পরে অন্য ব্যক্তির মাধ্যমে তা সংগ্রহ করার ব্যবস্থাও চালু হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।

 *টেকনাফের বাইরে নতুন রুট* 

মাদক পাচারের প্রচলিত রুটের পাশাপাশি নতুন সমুদ্র ও স্থলপথ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টদের মতে, সেন্ট মার্টিনের দক্ষিণ দিক হয়ে গভীর সমুদ্রের পথে চালান আনার প্রবণতা বেড়েছে।

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও পতেঙ্গার উপকূলীয় এলাকাগুলোও সম্ভাব্য ল্যান্ডিং পয়েন্ট হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে।

 *পাশাপাশি* বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও থানচির দুর্গম সীমান্তপথ ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। পাহাড়ি দুর্গম পথ দিয়ে বিভিন্ন স্তরের বাহকের মাধ্যমে চালান দেশের অভ্যন্তরে পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 *চার শতাধিক নামের তালিকা* 

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক মানজারুল ইসলাম জানান, গত দুই বছরে চট্টগ্রাম অঞ্চলে মাদক কারবারে নতুন অনেক ব্যক্তি যুক্ত হয়েছে।

কক্সবাজার অঞ্চলের উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, মাদক কারবারিদের একটি সমন্বিত তালিকা তৈরির কাজ চলছে। সেখানে চার শতাধিক নাম রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নামও তালিকায় এসেছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা বলেন, গত দুই বছরে চট্টগ্রাম ও কক্সবাজারের মাদক কারবারে নতুন অনেক মুখ যুক্ত হয়েছে। তাদের মধ্যে বড় ডিলারও রয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, একটি মাদকচক্র আড়ালে গেলে অন্য একটি চক্র সক্রিয় হওয়া নতুন নয়। এ বিষয়টি বিবেচনায় রেখেই মাদক কারবারিদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হয় এবং নতুন তালিকার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

 *নতুন কাঠামোই বড় চ্যালেঞ্জ* 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেনের মতে, মাদক কারবারিরা এখন আগের চেয়ে বেশি কৌশলী। নিজেদের নিরাপত্তা ও লাভের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা বিকল্প পথ ও পদ্ধতি বেছে নিচ্ছে। অপরাধ বিজ্ঞানে এ ধরনের আচরণকে ‘রেশনাল চয়েজ’ বলা হয়।

 *সংশ্লিষ্টদের মতে,* চট্টগ্রাম-কক্সবাজারের মাদক কারবারে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর কাঠামোয়। একক গডফাদারের বদলে এখন ছড়িয়ে পড়েছে বহুস্তরীয় নেটওয়ার্ক। ফলে একজনকে গ্রেপ্তার করলেই পুরো চক্র ভেঙে পড়ছে না; বরং দ্রুত অন্য একটি সেল সেই জায়গা পূরণ করছে। মাদকবিরোধী অভিযানে তাই শুধু বাহক বা খুচরা বিক্রেতা নয়, অর্থের উৎস, সরবরাহকারী, মধ্যস্বত্বভোগী ও আড়ালের নিয়ন্ত্রকদের শনাক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ


সর্বশেষ