*বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার সোনা।*
*উপশিরোনাম:* জুতার ভেতর ৮০ স্বর্ণবার, দুই বিমানকর্মী আটক।
দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২১ নম্বর গেটের কাছে ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের অ্যাপ্রোন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মী মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমানের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৮০টি স্বর্ণবার পাওয়া যায়।
কর্মকর্তারা জানান, দুই ব্যক্তি এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে কর্মরত। উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সবগুলো বার মিলিয়ে স্বর্ণের পরিমাণ দাঁড়ায় ৯ দশমিক ৩৪ কেজি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণগুলো বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে বাইরে নেওয়ার উদ্দেশ্যে জুতার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় আর কারা জড়িত এবং স্বর্ণগুলো কার কাছে হস্তান্তরের কথা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সম্ভাব্য গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন