• ২০২৬ অক্টোবর ০৬, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ২১
  • সর্বশেষ আপডেট : ০৫:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*নদীভাঙন ঠেকাতে এডিবির দ্বারস্থ সরকার।*

  • প্রকাশিত ০৫:১০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
*নদীভাঙন ঠেকাতে এডিবির দ্বারস্থ সরকার।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*নদীভাঙন ঠেকাতে এডিবির দ্বারস্থ সরকার।* 


 *উপশিরোনাম:* নদীতীর রক্ষা ও পানিসম্পদ ব্যবস্থাপনায় বাড়তি সহায়তা চাইলেন মন্ত্রী; প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণেও সহযোগিতার আহ্বান।

দেশের নদীতীর সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও এডিবির সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে সরকারের আগ্রহের কথা জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী। বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এডিবির নির্বাহী পরিচালককে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে এডিবি আরও কার্যকরভাবে বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নদীর তীর রক্ষা, ভাঙন নিয়ন্ত্রণ এবং পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল প্রয়োজন। এসব ক্ষেত্রে এডিবির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের কাজে আসতে পারে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবিকে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে পানিসম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান। তিনি অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি ব্যবহারে সহায়তা, গবেষণা, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগে এডিবির সহযোগিতা কামনা করেন।

বৈঠকে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লা বলেন, বাংলাদেশের সঙ্গে সংস্থাটির অংশীদারত্ব আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নের কাজও চলছে।

বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জের কথা বিবেচনায় নিয়ে এডিবি সহযোগিতার সুযোগ খতিয়ে দেখছে বলেও জানান তিনি। বিশেষ করে নদীতীর সংরক্ষণ, ভাঙন প্রতিরোধ এবং টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন এডিবির এই কর্মকর্তা।

বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মোহা. এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ