• ২০২৬ অক্টোবর ১১, রবিবার, ১৪৩৩ আশ্বিন ২৬
  • সর্বশেষ আপডেট : ০৬:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

**৪৫ দিনের অভিযানে বদলাবে মোহাম্মদপুরের চিত্র।**

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন রবিবার, অক্টোবর ১১, ২০২৬
**৪৫ দিনের অভিযানে বদলাবে মোহাম্মদপুরের চিত্র।**
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

**৪৫ দিনের অভিযানে বদলাবে মোহাম্মদপুরের চিত্র।** 


 *উপশিরোনাম:* ৪০ ফুট খাল পুনরুদ্ধার, ফুটপাত দখলমুক্ত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ ডিএনসিসির।

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফুট খাল পুনরুদ্ধার, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। খালটির পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ফেরাতে টানা ৪৫ দিন কাজ চালানোর ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। পাশাপাশি সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ এবং মশার প্রজননস্থল ধ্বংসেও কার্যক্রম জোরদার করা হবে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে ডিএনসিসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধবিষয়ক পরিচ্ছন্নতা কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান তিনি। পরে তিনি এলাকার ৪০ ফুট খালের সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, খালটি পরিষ্কার করে নান্দনিক পরিবেশ গড়ে তুলতে আগামী ৪৫ দিন ধরে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ফুটপাতের অবৈধ দখল প্রসঙ্গে তিনি জানান, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মোহাম্মদপুরের ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হবে। এর আগে মিরপুর-১০ এলাকায় ফুটপাতের অবৈধ দখলমুক্ত করতে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দাদের সমর্থন পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চায়। জনগণ যা চায়, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে; আর জনগণ যা চায় না, তা করা হবে না।

 *অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ* 

রাজধানীর যান চলাচল ও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে অটোরিকশা বড় ধরনের সমস্যা তৈরি করছে বলে মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক। তাঁর ভাষ্য, এসব যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

 *ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের অংশগ্রহণের আহ্বান* 

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে নগরবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান শফিকুল ইসলাম খান। তিনি বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভা নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও সচেতনতামূলক প্রচারে যুক্ত করা হবে।

বাসাবাড়ির আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ একে অপরের সঙ্গে সম্পর্কিত। যেখানে ময়লা-আবর্জনা জমে থাকে, সেখানে মশা-মাছির বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি।

ডিএনসিসি প্রশাসক জানান, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য অপসারণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে। নগর পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কাজ করছেন। এমনকি সাপ্তাহিক ছুটি ও ঈদের সময়ও তাঁদের দায়িত্ব পালন করতে হয়। বিশেষ করে কোরবানির ঈদে দ্রুত বর্জ্য অপসারণে কর্মীদের বাড়তি পরিশ্রম করতে হয়।

 *ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত* 

ডিএনসিসির দাবি, গত সাত মাসে নগর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের কার্যক্রমে অগ্রগতি হয়েছে। চলতি বছর সংস্থাটির আওতাধীন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যাও তুলনামূলক কম বলে জানান প্রশাসক। পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে এ অগ্রগতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ডিএনসিসির ১০টি আঞ্চলিক এলাকায় ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডেঙ্গু নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এসব অভিযানে নগরবাসীকে সচেতন করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জরিমানাও করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মোহাম্মদপুরের বাসিন্দাদের প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ