*অবশেষে উদ্ধার জার্মান পর্যটকের ল্যাপটপ, মিলল কাপড়ের দোকানে।*
*উপশিরোনাম:* ট্রেনে পাওয়ার দাবি বাবা-ছেলের | ক্যামেরাসহ অন্য সামগ্রী উদ্ধারে তৎপর পুলিশ।
নাটোর রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের নিচাবাজার এলাকার নুর ক্লথ স্টোরে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়। তবে তাঁর হারানো ক্যামেরাসহ অন্য সামগ্রী এখনো উদ্ধার হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বগুড়া ঘুরে ট্রেনে নাটোরে পৌঁছান ১৮ বছর বয়সী ক্রিল ল্যান্ডার। স্টেশনে অবস্থানকালে তাঁর ব্যাগ হারিয়ে যায়। এতে ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী ছিল। সিসিটিভি ফুটেজে হলুদ ভেস্ট পরা এক যুবককে কৌশলে ব্যাগটি নিয়ে চলে যেতে দেখা যায়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ল্যাপটপটির অবস্থান শনাক্ত করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নাটোরের রসুলের মোড় এলাকার বাসিন্দা অমল কুমার নাথ ও তাঁর ছেলে অনুপ কুমার নাথ ট্রেনে মালিকবিহীন অবস্থায় এটি পেয়েছিলেন। পরে তাঁরা ল্যাপটপটি নুর ক্লথ স্টোরে নিয়ে আসেন। সেখান থেকেই অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।
নাটোরের পুলিশ সুপার শরিফুল হক জানান, যাঁদের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে, তাঁরা চুরির সঙ্গে জড়িত নন বলে জানা গেছে। তাঁদের দাবি, ট্রেনের মধ্যে ল্যাপটপটি পেয়েছিলেন তাঁরা।
নাটোর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, হারানো ক্যামেরাসহ অন্য মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন