*আচারের বয়ামে হীরা-সোনা, বিমানবন্দরে ধরা পড়ল ২ কোটি ৭০ লাখ টাকার চালান ।*
*উপশিরোনাম: আচারের বয়ামে কোটি টাকার অলঙ্কার, বিমানবন্দরে আটক যাত্রী।
আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা হয়েছিল হীরা, স্বর্ণালঙ্কার, প্লাটিনাম ও বিভিন্ন ধরনের মূল্যবান পাথর। তবে বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে সেই কৌশল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব মূল্যবান সামগ্রী জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গত শনিবার রাতে কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করছিলেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় এমডি জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। তাঁর ব্যাগ স্ক্যানিং করে আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের অলঙ্কার ও মূল্যবান পাথর উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।
কাস্টমসের হিসাবে, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে হীরা বসানো ১৮ ক্যারেটের ৩৮৯টি সোনার আংটি, ৯৫০ মানের ১৫১টি প্লাটিনামের আংটি, সাদা সোনার তিনটি অলঙ্কার, দুটি রুপার আংটি, পাঁচটি সোনার লকেট, একটি সোনার চেইন এবং ৪৭২টি সোনার নাকফুল।
এ ছাড়া ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের হীরা, পোখরাজ, রুবিসহ অন্যান্য মূল্যবান পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড পাওয়া যায়। জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। অলঙ্কারের সঙ্গে থাকা প্রত্যয়নপত্রের তথ্য অনুযায়ী, এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
ব্যাগেজ ঘোষণা না দিয়ে এসব পণ্য আনার অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।
মতামত দিন