কালাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের (নতুন ভবন) আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে ঐক্য, সংহতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালাই উপজেলা বিএনপির আয়োজিত কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম সরকার, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন এবং কালাই উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারীর সহকারী একান্ত সচিব মোঃ শওকত ওছমান শামীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আল আমিন, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ আবুল খায়ের গোলাম মাওলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলম। উপজেলা পরিষদের সিএ এসএম শওকত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়।
মতামত দিন