*পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২, কর্মচারীদের ৫৫ হাজার করার প্রস্তাব।*
*উপশিরোনাম:* চার গ্রেডে মজুরি নির্ধারণের সুপারিশ,শিক্ষানবিশদের জন্য ৩০ হাজার টাকা।
দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে বিভিন্ন পদ ও দক্ষতার ভিত্তিতে শ্রমিকদের জন্য চারটি গ্রেডে ৩২ থেকে ৪৮ হাজার টাকা এবং কর্মচারীদের জন্য ৪০ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এই প্রস্তাব জমা দেন। সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষ এখনো লিখিত প্রস্তাব দেয়নি। তাদের প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে। উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।
*শ্রমিকদের প্রস্তাবিত মজুরি*
প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য প্রস্তাবিত চারটি গ্রেডে মাসিক মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত।
গ্রেড-১ বা সিনিয়র অপারেটরদের জন্য প্রস্তাব করা হয়েছে ৪৮ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ২৮ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১৪ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা।
গ্রেড-২-এ সব ধরনের যন্ত্রচালক ও কারিগরদের জন্য মোট মজুরি প্রস্তাব করা হয়েছে ৪৩ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ২৫ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা।
গ্রেড-৩-এ জুনিয়র যন্ত্রচালক ও সহকারী কারিগরদের জন্য নির্ধারণের প্রস্তাব রয়েছে ৩৮ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ২২ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১১ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা।
গ্রেড-৪-এ হেলপার ও সহকারীদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩২ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা
এ ছাড়া সর্বোচ্চ তিন মাসের শিক্ষানবিশকালে শ্রমিকদের মোট ৩০ হাজার টাকা মজুরি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মূল মজুরি ১৮ হাজার টাকা, বাড়িভাড়া ৯ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা।
*কর্মচারীদের বেতন কাঠামো*
কারখানার প্রশাসনিক ও সহায়ক কাজে নিয়োজিত কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
গ্রেড-১-এ অস্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যানদের জন্য মাসিক মজুরি প্রস্তাব করা হয়েছে ৫৫ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ৩৩ হাজার টাকা, বাড়িভাড়া ১৬ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার ৫০০ টাকা।
গ্রেড-২-এ হিসাব সহকারী, স্টোর সহকারী ও জুনিয়র কর্মচারীদের জন্য প্রস্তাবিত মজুরি ৫০ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ৩০ হাজার টাকা, বাড়িভাড়া ১৫ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা।
গ্রেড-৩-এ কেরানি, কর্মকর্তা সহকারী ও তথ্যপ্রবেশক কর্মীদের জন্য মোট ৪৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মূল মজুরি ২৭ হাজার টাকা, বাড়িভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা।
গ্রেড-৪-এ পিয়ন ও রাঁধুনিদের জন্য প্রস্তাবিত মাসিক মজুরি ৪০ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ২৪ হাজার টাকা, বাড়িভাড়া ১২ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার টাকা।
প্রস্তাবিত কাঠামোতে আরও বলা হয়েছে, শ্রমিক ও কর্মচারীদের খাদ্যভাতা এই মজুরি কাঠামোর অন্তর্ভুক্ত হবে না।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এই হার নির্ধারণ করা হয়েছিল। এবার শ্রমিক সংগঠনগুলো সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকার বেশি করার দাবি জানিয়ে আসছে।
তবে খাদ্যভাতা এই কাঠামোর বাইরে থাকবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ এই মজুরি নির্ধারণ করা হয়েছিল। নতুন প্রস্তাব কার্যকর হলে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে। তবে চূড়ান্ত মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব ও মজুরি বোর্ডের সিদ্ধান্তই হবে গুরুত্বপূর্ণ।
মতামত দিন