*জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের হুমকির অভিযোগ।*
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক ডেইরি গেটে তালা ঝুলিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ১০-১২ জনের একটি দল এ ঘটনা ঘটিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। ১০ নভেম্বর ঘোষিত ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচির অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে একদল ব্যক্তি প্রধান ফটকে তালা লাগিয়ে চলে যায়। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম জানান, তালা লাগানোর সময় নিরাপত্তাকর্মীদের হুমকি দেওয়া হয়। কাছাকাছি পুলিশ টহলে থাকলেও এক মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটিয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
তিনি বলেন, বিষয়টি সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে।
এদিকে, ফটকে তালা লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ১০ নভেম্বরের দেশব্যাপী ছাত্র ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ঘরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষা অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি সফল করার কথাও বলা হয়।
মতামত দিন