*ইউপিডিএফের বিরুদ্ধে উসকানির অভিযোগ, সাজেকে অবরোধ প্রত্যাহার; পদত্যাগ ও কমিটি বিলুপ্ত করলেন কার্বারী সভাপতি।*
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দীর্ঘদিনের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির সভাপতির পদ থেকে পদত্যাগ এবং কমিটি বিলুপ্তির ঘোষণাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এক লিখিত বক্তব্যে এসব সিদ্ধান্তের কথা জানান নতুন জয় চাকমা। অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, যোগাযোগব্যবস্থা এবং খাদ্য ও ওষুধ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা অভিযোগ করেন, চলমান অবরোধ কর্মসূচির পেছনে ইউপিডিএফের উসকানি ও প্ররোচনা রয়েছে। সাধারণ মানুষকে কর্মসূচিতে অংশ নিতে চাপ প্রয়োগ এবং ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, অতীতে ইউপিডিএফের নিয়ন্ত্রণে থাকার সময় দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হতো। সাজেক কার্বারী সমিতি ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠনের পেছনেও সংগঠনটির ভূমিকা ছিল বলে অভিযোগ করেন তিনি।
নতুন জয় চাকমা বলেন, একজন কার্বারী হিসেবে স্থানীয় মানুষের অধিকার ও স্বার্থ রক্ষা করা তার দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তার কারণে তাকে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে বলেও জানান তিনি।
এ পরিস্থিতিতে সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো, সংগঠনের কমিটি বিলুপ্ত করা এবং অনির্দিষ্টকালের জন্য ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নতুন জয় চাকমা।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের স্বার্থ নয়, সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর কল্যাণ, অধিকার, মর্যাদা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
মতামত দিন