*চিকিৎসা নিতে এসে ধর্ষণের অভিযোগ, সাতক্ষীরা সদর হাসপাতালে তোলপাড়।*
*উপশিরোনাম:* পরীক্ষার আশ্বাসে প্যাথলজি কক্ষে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হাসপাতালের আউটসোর্সিং কর্মী।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন ৩৮ বছর বয়সী এক নারী। পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাহমুদুল হাসান (২৪) সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই নারী।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করাতে সোমবার দুপুর ১২টার পর হাসপাতালের প্যাথলজি বিভাগে যান ওই নারী। তখন পরীক্ষা করা সম্ভব নয় বলে তাঁকে জানানো হয়। এ সময় সেখানে কর্মরত মাহমুদুল হাসান পরীক্ষা করিয়ে দেওয়ার আশ্বাস দেন। পরে প্রস্রাবের নমুনা নিয়ে একটি কক্ষে যেতে বলেন তাঁকে।
অভিযোগ অনুযায়ী, ওই নারী নমুনা নিয়ে কক্ষে প্রবেশ করলে মাহমুদুল দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান তিনি। মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সদর থানায় গিয়ে মামলা করেন ভুক্তভোগী।
মামলার পর মঙ্গলবার বিকেল ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকেই অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় হাসপাতালের মতো চিকিৎসাসেবার প্রতিষ্ঠানে রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মতামত দিন