*এক বিসিএসের জটে আরেক বিসিএস, গেজেটের ফাঁদে আটকে নিয়োগ।*
*উপশিরোনাম:* পিএসসির সুপারিশের পরও মিলছে না নিয়োগ, এক বিসিএসের গেজেট জটে আটকে পরেরটির ফল ও নিয়োগ, প্রশাসনিক দীর্ঘসূত্রতায় অনিশ্চয়তায় হাজারো প্রার্থী।
বিজ্ঞপ্তি প্রকাশ থেকে এক বছরের মধ্যে বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য থাকলেও তা বাস্তবায়ন করতে পারছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন ও গেজেট প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে এক বিসিএসের নিয়োগপ্রক্রিয়া আটকে দিচ্ছে পরবর্তী পরীক্ষার কার্যক্রম। চূড়ান্ত সুপারিশ পেয়েও চাকরিতে যোগদানের জন্য প্রার্থীদের অপেক্ষা করতে হচ্ছে প্রায় এক বছর।
এই জটিলতার প্রভাব পড়েছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশেও। ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও ৪৬তম বিসিএসের গেজেট ও যোগদান প্রক্রিয়া শেষ না হওয়ায় তা বিলম্বিত হচ্ছে। পিএসসির ভাষ্য, আগের বিসিএসে সুপারিশপ্রাপ্তদের পরবর্তী বিসিএসেও নির্বাচিত হওয়ার 'রিপিট ক্যাডার' জটিলতা এড়াতে ফল প্রকাশে সমস্যা তৈরি হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলে ১ হাজার ৪৫৭ জন সুপারিশপ্রাপ্ত হলেও নয় মাসের বেশি সময়েও গেজেট প্রকাশ হয়নি। অন্যদিকে, ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের ১ হাজার ৫২১ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর ভেরিফিকেশন ও গেজেট কার্যক্রম পাঁচ মাস ধরে ঝুলে আছে। এর আগে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট ও যোগদান সম্পন্ন করতেই প্রায় ১১ মাস লেগেছিল। পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে প্রায় চার বছর।
*রিপিট ক্যাডারে শূন্য থাকছে পদ*
আগের বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে না পারায় অনেক প্রার্থী পরবর্তী বিসিএসেও অংশ নিচ্ছেন। ফলে একই প্রার্থী একাধিক বিসিএসে সুপারিশপ্রাপ্ত হচ্ছেন এবং প্রতিটি পরীক্ষায় প্রায় ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থেকে যাচ্ছে। ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের বিপরীতে সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার।
এ পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের সময়সীমা সর্বোচ্চ দুই মাস নির্ধারণের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত পুরো প্রক্রিয়া ১৪ মাসের মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন তারা।
*রি-ভেরিফিকেশনেও ধীরগতি*
নিয়োগবঞ্চিত প্রার্থীদের পুনরায় যাচাই-বাছাইয়েও দেখা দিয়েছে ধীরগতি। ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ১০৫ জনের মধ্যে ৫৬ জন প্রশাসনিক ও ভেরিফিকেশন জটিলতায় নিয়োগবঞ্চিত হন। তাদের রি-ভেরিফিকেশন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। তবে এখন পর্যন্ত মাত্র ২৩ জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
অন্যদিকে, ৪৮তম বিসিএসে নিয়োগবঞ্চিত ২৭ জনের রি-ভেরিফিকেশন কার্যক্রম শুরু হলেও দ্রুত সম্পূরক গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থীরা।
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের অগ্রগতি সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, গেজেট প্রকাশের কাজ চলমান থাকলেও নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকনুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মতামত দিন