• ২০২৬ নভেম্বর ২৮, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

১৭ হাজার টাকার মজুরিও দিতে অক্ষম অধিকাংশ কারখানা, বন্ধের শঙ্কায় পোশাকশিল্প।*

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৭ হাজার টাকার মজুরিও দিতে অক্ষম অধিকাংশ কারখানা, বন্ধের শঙ্কায় পোশাকশিল্প।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

*১৭ হাজার টাকার মজুরিও দিতে অক্ষম অধিকাংশ কারখানা, বন্ধের শঙ্কায় পোশাকশিল্প।* 


 *উপশিরোনাম:* মজুরি, জ্বালানি ও উৎপাদন ব্যয়ের চাপে লোকসানে পোশাকশিল্প; ১৭ হাজার টাকা মজুরি দেওয়ার সামর্থ্য নেই অধিকাংশ কারখানার, বন্ধের মুখে ছোট-মাঝারি প্রতিষ্ঠান।বাড়তে পারে বেকারত্ব।

দেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানার পক্ষে বর্তমান ব্যয় কাঠামোয়; শ্রমিকদের ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি দেওয়া কঠিন বলে মনে করছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। উৎপাদন ব্যয়, জ্বালানি ও মূলধনী খরচের ধারাবাহিক বৃদ্ধি এবং মুনাফা কমে যাওয়ায় নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনটির সহ-সভাপতি মো. শিহাব উদদোজা চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সংস্কারমুখী নাগরিক মঞ্চ ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিহাব উদদোজা চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পোশাক কারখানাগুলোর মুনাফার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থার নানা জটিলতায় লোকসানি কারখানা বন্ধ করাও কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, পোশাকশিল্পে একবার বিনিয়োগ করলে সেখান থেকে বেরিয়ে আসার পথ প্রায় বন্ধ হয়ে যায়।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সংকটাপন্ন কারখানাগুলোর জন্য আইনি ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় ব্যবসা গুটিয়ে নেওয়ার সুযোগ নিশ্চিত করতে নীতিগত সংস্কারের দাবি জানান তিনি।

আলোচনায় পোশাকশিল্পের বহুমুখী সংকট তুলে ধরেন ‘ভয়েস ফর রিফর্ম’-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে রপ্তানি চাহিদা কমে যাওয়া, পণ্যের দরপতন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়—এই চার দিক থেকে চাপে রয়েছে দেশের পোশাক খাত।

মজুরি বৃদ্ধির সঙ্গে ডলারের বিনিময় হারের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, ২০২৩ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের সময় সব গ্রেড মিলিয়ে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বেড়েছিল। একই সময়ে ডলারের দাম ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকা হওয়ায় রপ্তানিকারকরা বাড়তি ব্যয়ের চাপ কিছুটা সামাল দিতে পেরেছিলেন। কিন্তু গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ। ফলে আগের মতো মুদ্রা বিনিময় হারের সুবিধা পাচ্ছেন না রপ্তানিকারকরা।

এদিকে, পোশাকশিল্পের সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক। তিনি বলেন, দেশের তৈরি পোশাকশিল্প বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। বিদ্যমান ব্যয় কাঠামোয় অনেক কারখানার পক্ষে লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

এর ফলে আগামী দিনে বহু ছোট ও মাঝারি আকারের পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। এতে শিল্প খাতে কর্মসংস্থান সংকুচিত হওয়ার পাশাপাশি সামগ্রিক বেকারত্বও বাড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন তিনি।

আলোচনা সভায় অর্থনীতিবিদ, উৎপাদক ও শ্রম অধিকারকর্মীরা বলেন, পোশাকশিল্পের মজুরি সংকটকে কেবল মালিক-শ্রমিকের বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পোশাকের ন্যায্যমূল্য, রপ্তানি চাহিদা, উৎপাদন ব্যয় এবং মুদ্রা বিনিময় হারের বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।

তাদের মতে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পের সক্ষমতা টিকিয়ে রাখতে সমন্বিত নীতিগত উদ্যোগ জরুরি। অন্যথায় কর্মসংস্থান, রপ্তানি আয় ও দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

সর্বশেষ