*সুইফটের বিকল্প দেশীয় প্রযুক্তি ‘বার্তা’, বছরে বাঁচবে ৬০ লাখ ডলার।*
*উপশিরোনাম:* সুইফটের নির্ভরতা কমাতে দেশীয় প্রযুক্তিতে নতুন প্ল্যাটফর্ম, এলসি লেনদেনে কমবে ব্যয় ও সময়; বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার।
স্থানীয় ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব প্রযুক্তিতে ‘বার্তা’ নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থায় স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালিত হবে। এতে বছরে অন্তত ৬০ লাখ মার্কিন ডলার সাশ্রয়ের পাশাপাশি ব্যাংক ও ব্যবসায়ীদের লেনদেন ব্যয় কমবে। একই সঙ্গে আর্থিক জালিয়াতির ঝুঁকি কমিয়ে বাণিজ্যে স্বচ্ছতা বাড়ানোরও প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি গভর্নর সারোয়ার হোসেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, নতুন প্ল্যাটফর্ম ব্যবহারে প্রতিটি স্থানীয় এলসি খোলার ক্ষেত্রে প্রায় ১ হাজার ৫০০ টাকা সাশ্রয় হবে। বিশেষ করে ছোট অঙ্কের বিপুলসংখ্যক ঋণপত্র খোলা রপ্তানিকারকদের জন্য এটি বড় সুবিধা তৈরি করবে।
*শুধু সাশ্রয় নয়, বাণিজ্যে স্বচ্ছতার নতুন সুযোগ*
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বার্তা’কে শুধু ৬০ লাখ ডলার সাশ্রয়ের উদ্যোগ হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যাবে না। এটি দেশের আর্থিক ব্যবস্থায় আত্মনির্ভরতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংস্কারের পথ তৈরি হবে। আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের প্রযুক্তি চালু করা গেলে আমদানি-রপ্তানির পণ্যমূল্য ও লেনদেনের তথ্য যাচাই সহজ হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যে ‘বার্তা’র ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে।
*ডলার কেনাবেচায় আসছে নতুন প্রযুক্তি*
অনুষ্ঠানে গভর্নর মোস্তাকুর রহমান জানান, ডলার কেনাবেচার জন্য আগামী এক মাসের মধ্যে পৃথক স্বয়ংক্রিয় ওয়েবভিত্তিক ব্যবস্থা চালু করা হবে। এতে ক্রেতা ও বিক্রেতা পরস্পরের পরিচয় জানতে পারবেন না। ফলে বাজার কারসাজি ও অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ কমবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি বলেন, আর্থিক অবকাঠামোর আধুনিকায়ন এবং ব্যবসায়িক লেনদেনের ব্যয় কমানোই এসব উদ্যোগের মূল লক্ষ্য। লেনদেন ব্যয় কমলে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ভোক্তারাও পরোক্ষভাবে উপকৃত হবেন।
*আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ*
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বার্তা’র মাধ্যমে স্থানীয় এলসি খোলার খরচ কমবে। তবে এই সুবিধা যেন ব্যবসায়ীরা প্রকৃত অর্থে পান, সে জন্য ব্যাংকগুলোর এলসি খোলা ও গ্রহণের চার্জ সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের স্বার্থেও বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
চামড়া ও পাদুকা খাতের ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মনজুর বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দ্রুত ও ব্যয়সাশ্রয়ী লেনদেন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। ‘বার্তা’ গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এটিকে ভবিষ্যতে পূর্ণাঙ্গ ডিজিটাল বাণিজ্যিক অবকাঠামোয় রূপ দিতে হবে।
এ জন্য প্ল্যাটফর্মটির সঙ্গে নিরাপদ ডিজিটাল নথি আদান-প্রদান, বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থা এবং ব্যাংকগুলোর নিজস্ব সফটওয়্যারের সংযোগ স্থাপনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি তথ্যের নিরাপত্তা, সমন্বয় ও সাইবার ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবসায়ী নেতাদের প্রত্যাশা, স্থানীয় এলসিতে সীমাবদ্ধ না রেখে ‘বার্তা’র কার্যক্রম আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত সম্প্রসারণ করা গেলে দেশের লেনদেন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
মতামত দিন