টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সকালেই সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, গোপালপুর থানা গেট থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের সামনে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী জড়ো হন। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। এ সময় সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেন। তবে সকালে একদল বিক্ষুব্ধ ব্যক্তি গিয়ে ব্যানারটি খুলে ফেলেন বলে জানা গেছে।
এ বিষয়ে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল অভিযোগ করেন, ভোররাতে মাইক্রোবাসযোগে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়েছে বলেও তিনি জানান। ঘটনাটি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ফজরের নামাজের আগে সেহরির শেষ সময়ে কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। কারা এতে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতার একাংশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
মতামত দিন