মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি আব্দুস সালাম পিন্টুর।
টাঙ্গাইল প্রতিনিধি:
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন গোপালপুর-ভুয়াপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—সে যেই হোক না কেন।
মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল গোলাবাড়ি খাল খনন কর্মসূচি শেষে ঝাওয়াইল হাইস্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি পিন্টু বলেন, “মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রথমে নিজেদের ঘর থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার থেকেই সচেতনতা শুরু না হলে সমাজকে মুক্ত করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমাদের দলের ভেতরেও যদি কেউ মাদকের সঙ্গে জড়িত থাকে বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।”
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য। তিনি সকলকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মতামত দিন