ভূঞাপুরে উত্তেজনা: নাশকতার চেষ্টার অভিযোগ, বিক্ষুব্ধ জনতার ধাওয়া ও গাড়িতে আগুন।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কয়েড়া গ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মেম্বারের আহ্বানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী একত্রিত হয়ে নাশকতার চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে তাড়াহুড়োর মধ্যে একটি গাড়ি ফেলে রেখে যায় তারা। পরে উত্তেজিত জনতা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
স্থানীয়দের দাবি, গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল চকদার এবং ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুকে কেন্দ্র করে পূর্ব থেকে বিরাজমান দ্বন্দ্বের জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করে।
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।
মতামত দিন