কক্সবাজার পেকুয়ায় সংরক্ষিত বন-ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মিত ইট ও কংক্রিট দিয়ে তৈরি দুটি স্থাপনা উচ্ছেদ করল বনবিভাগ।
শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১টার সময় বারবাকিয়া রেঞ্জের অধীন টৈটং বিটের নবাগত বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ হওয়া স্থাপনা দুটি কেরুণছড়ি এলাকার প্রবাসী আবদু রহিম ও মোস্তাক আহমদের বলে জানান।
স্থানীয়রা জানান, পূর্বের বিট কর্মকর্তা মো. এহেসান দায়িত্বে থাকাকালীন সময় বিট অফিসের দালাল নামে খ্যাত অলি আহমদের মাধ্যমে পাহাড় কাটাসহ নানা অনিয়ম, অর্থের বিনিময়ে স্থাপনা নির্মাণে অনুমতি প্রদান, বনভূমির গাছ নিধন ও বালু উত্তোলনের মতো রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। এসব অনিয়মের সচিত্র সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক শাস্তিমূলক বদলি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা আরও জানায়, বদলি হওয়ার আগে দালাল অলি আহমদের মাধ্যমে রহিম ও মোস্তাককে টাকার বিনিময়ে পাকা স্থাপনা নির্মাণের অনুমতি দেন এহেসান। নতুন বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন যোগদানের পর বিষয়টি জানতে পেরে বনভূমি রক্ষায় তাৎক্ষণিক উচ্ছেদ অভিযানে নামেন।
বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন বলেন, সংরক্ষিত বন-ভূমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করে দুটি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মতামত দিন