প্রথম ম্যাচ হারের পর নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর লড়াইয়ে মিরপুরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এতে করে সিরিজে ১-১ সমতা ফিরেছে।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ
ইনিংসের শুরুটা ছিল দারুণ। প্রথম বলেই চার হাঁকান ওপেনার সাইফ হাসান। তবে ঝড়ো শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি, ৮ রান করে ফিরে যান। এরপর সৌম্য সরকারও শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেননি, ১১ বলে ৮ রান করে বিদায় নেন।
তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ আনেন তানজিদ হাসান তামিম। এই জুটি গড়ে তোলে ১২০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, যা জয়ের ভিত গড়ে দেয়। তানজিদ ৫৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে শান্ত ৭১ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ২৮ রান তোলে তারা। নাহিদ ইসলাম শুরুতেই হেনরি নিকোলস ও উইল ইয়াংকে ফিরিয়ে দেন। পরে সৌম্য সরকার তুলে নেন অধিনায়ক টম লাথামের উইকেট।
মাঝে নিক কেলি ও মোহাম্মদ আব্বাস ৫৬ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। কেলি ব্যক্তিগত ৮৩ রান করে আউট হলে আবার ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে বল হাতে নাহিদ ইসলাম ছিলেন সবচেয়ে সফল। এছাড়া শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মতামত দিন