• ২০২৬ নভেম্বর ০৬, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আকুর বিল পরিশোধ, এক দিনেই কমল রিজার্ভ ১.৫৩ বিলিয়ন ডলার।

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
আকুর বিল পরিশোধ, এক দিনেই কমল রিজার্ভ ১.৫৩ বিলিয়ন ডলার।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*আকুর বিল পরিশোধ, এক দিনেই কমল রিজার্ভ ১.৫৩ বিলিয়ন ডলার।* 

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আকুর আমদানি বিল বাবদ ১ হাজার ৬৪২ দশমিক ৪৬ মিলিয়ন বা ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলারে।

অন্যদিকে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৮ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ডলার।

এর আগের দিন ৪ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক দিনের ব্যবধানে আকুর বিল পরিশোধের পর দুই হিসাবেই রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভকে আন্তর্জাতিক মানদণ্ডে তুলনামূলক গ্রহণযোগ্য সূচক হিসেবে বিবেচনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট রিজার্ভের হিসাব করা হয়।

 *আকু কী?* 

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তির একটি আঞ্চলিক ব্যবস্থা। এর মাধ্যমে সদস্যদেশগুলো দুই মাস পরপর পারস্পরিক বাণিজ্যের আমদানি বিল সমন্বয় করে।

জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসক্যাপ) উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইরানের তেহরানে। বাংলাদেশ ছাড়াও ভারত, ইরান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ এ ব্যবস্থার সদস্য।

আকুর বিল পরিশোধের সময় একসঙ্গে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশের রিজার্ভ থেকে চলে যায়। ফলে নির্দিষ্ট সময়ে রিজার্ভে সাময়িক নিম্নমুখী প্রভাব পড়ে।

সর্বশেষ