বনবিভাগের গাড়ির ধাক্কায় সিএনজি যাত্রী গুরুতর আহত, রামুতে সড়ক দুর্ঘটনা
কক্সবাজারের রামু উপজেলায় বনবিভাগের একটি গাড়ির ধাক্কায় মহিলা সহ অন্তত দুইজন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৬ মে) বিকাল আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজারকুল রেঞ্জের ট্রেইনিং কর্মকর্তা অভিউজ্জমানের ব্যবহৃত বনবিভাগের একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে উখিয়ামুখী একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, গাড়িচালক কলিম উল্লাহ অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যা দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় সিএনজির যাত্রী সনজিদ শীল (৪০), পিতা: বানিস্বর, গ্রাম: দক্ষিণ মিঠাছড়ি (৭নং ওয়ার্ড), রামু—হাত ও পায়ে গুরুতর আঘাত পান। এছাড়া যুবলী শীল (৩০), স্বামী: আনন্দ শীল—পায়ে গুরুতর জখম হন। সিএনজিতে মোট ৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টমটমযোগে মরিচ্যা আল-বারাকা হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে পরবর্তী কোনো জটিলতা দেখা দিলে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে তারা অনিশ্চয়তায় আছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বেপরোয়া গাড়ি চালনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
মতামত দিন