• ২০২৬ Jul ২২, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ৭
  • সর্বশেষ আপডেট : ০৩:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জাতীয় পরিচয়পত্র নবায়ন বাধ্যতামূলক, আইন সংশোধনের উদ্যোগ ইসির

  • প্রকাশিত ০৬:০৭ অপরাহ্ন বুধবার, Jul ২২, ২০২৬
জাতীয় পরিচয়পত্র নবায়ন বাধ্যতামূলক, আইন সংশোধনের উদ্যোগ ইসির
নির্বাচন কমিশন ভবন (ফাইল ফটো)
বিশেষ প্রতিনিধি মোঃ রুহুল আমিন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হলে তা নবায়ন করা দেশের সব নাগরিকের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এনআইডি নবায়ন ও স্থানান্তর সেবার জন্য প্রয়োজনীয় তথ্য এবং আবেদন ফিও নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১২তম নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, এনআইডি নবায়নের সময় আবেদনকারীকে পরিবারের সদস্যদের এনআইডি-সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে। পাশাপাশি এনআইডি স্থানান্তরের ক্ষেত্রেও কী কী তথ্য প্রয়োজন হবে, তা চূড়ান্ত করা হয়েছে। উভয় সেবার জন্য নির্ধারিত আবেদন ফি-ও ঠিক করেছে কমিশন।

আখতার আহমেদ জানান, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে আইন সংশোধনের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

সভায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অনলাইনে আবেদন করার পর প্রথমে তদন্ত এবং পরে বায়োমেট্রিক নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীর তথ্য ও বায়োমেট্রিক একসঙ্গে গ্রহণ করা হবে। এরপর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

এ ছাড়া ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমানো যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন।

ইসি সচিব জানান, ভবিষ্যতে এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে আগাম তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে কি না, তা নিয়ে তুলনামূলক পর্যালোচনা করা হবে। পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

সর্বশেষ