• ২০২৬ Jul ২৬, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ১২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদি হামলার অভিযোগ, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের

  • প্রকাশিত ১২:০৭ অপরাহ্ন রবিবার, Jul ২৬, ২০২৬
ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদি হামলার অভিযোগ, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের
File
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদি হামলার অভিযোগ, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের


মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদাইদাহে সৌদি আরবের হামলার অভিযোগ উঠেছে। হামলার জন্য রিয়াদকে দায়ী করে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি-নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথি-নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার গভীর রাতে চালানো হামলা ইয়েমেনের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তারা সতর্ক করে বলেছে, এ হামলার পরিণতি সৌদি আরবকে ভোগ করতে হবে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, হোদাইদাহকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে সৌদি সরকার পরিস্থিতিকে আরও সংঘাতমুখী করে তুলেছে। এতে অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

হুথিদের গণমাধ্যম আল মাসিরাহ টিভি জানিয়েছে, হামলায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লোহিত সাগরের কামারান দ্বীপেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে অন্তত একজন নারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, হোদাইদাহ বন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হোদাইদাহ বন্দর হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়েই উত্তর ইয়েমেনে অধিকাংশ বাণিজ্যিক পণ্য, খাদ্যসামগ্রী ও আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছে থাকে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বর্তমান পরিস্থিতির জন্য হুথিদেরই দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকে "বেপরোয়া ও উসকানিমূলক" কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। হুথিরা তাদের শত্রুতামূলক তৎপরতা বন্ধ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

এর আগে গত বুধবার হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে চলাচলকারী কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এতে অন্তত একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। হুথিদের দাবি, জাহাজগুলো তাদের ঘোষিত নৌ অবরোধ অমান্য করেছিল।

উল্লেখ্য, গত ২০ জুলাই থেকে হুথিরা লোহিত সাগরের ওই নৌপথে অবরোধ কার্যকর করে। এর আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার জন্য তারা সৌদি আরবকে দায়ী করে আসছে। যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ওই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, অনুমতি ছাড়া একটি ইরানি বিমান অবতরণের চেষ্টা করায় অভিযান চালানো হয়েছিল।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ২০২২ সালের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর যে উত্তেজনা প্রশমনের পরিবেশ তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলোর মাধ্যমে তার কার্যত অবসান ঘটেছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ