• ২০২৬ Jul ২৬, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ১০:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চা শিল্পের সংকট কাটাতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত ১০:০৭ অপরাহ্ন রবিবার, Jul ২৬, ২০২৬
চা শিল্পের সংকট কাটাতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
File
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

চা শিল্পের সংকট কাটাতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর



দেশের চা শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি সমন্বিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, চা শিল্পের বর্তমান সংকট, উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতেই এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন।

তিনি আরও জানান, শিল্পের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।

বৈঠকে দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সীমাবদ্ধতা, জ্বালানি খরচ বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও উপস্থাপন করেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এই শিল্পের বিকাশ ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখবে।

এ সময় চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে নতুন ঋণ সুবিধা প্রদান এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার বিষয়েও সরকার সহায়তা করবে বলে জানান তিনি।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নানা সংকটে থাকা দেশের চা শিল্প নতুন গতি পাবে এবং উৎপাদন ও রপ্তানিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

সর্বশেষ