পুলিশি অভিযান বন্ধে আল্টিমেটাম, নইলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
ভারতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে চলমান পুলিশি অভিযান ও গ্রেফতার বন্ধ না হলে নতুন করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। দলটির দাবি, আন্দোলনকারীদের সঙ্গে সরকারের পূর্ববর্তী সমঝোতার শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।
সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজিপির অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, বিহার, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বহু শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পাশাপাশি দিল্লিসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর নজরদারি ও প্রশাসনিক হয়রানির ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
রাঙ্কার ভাষ্য অনুযায়ী, দিল্লিতে আন্দোলনকারীদের সহায়তা করা কয়েকজন স্বেচ্ছাসেবককেও আটক করা হয়েছে। তিনি অবিলম্বে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন করে কোনো মামলা না করার নিশ্চয়তা দাবি করেন।
তিনি আরও বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ থেকে বিরত থাকার বিষয়ে সরকারের সঙ্গে যে লিখিত সমঝোতা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি এবং বাস্তবায়নের সুস্পষ্ট সময়সূচি জনসম্মুখে প্রকাশ করতে হবে।
সিজিপির মুখপাত্র সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে দলটি আবারও দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এদিকে, বিষয়টি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আন্দোলন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
মতামত দিন